Tuesday, December 15, 2015

নির্ঘুম মাঝরাতে উঠে
চোখে মুখে দেই
কুয়াশা ও চাঁদের আলোয় ভরা
ঠান্ডা পানির ঝাপটা,
তারপর এসে দাঁড়াই জানালার পাশে
আমাদের শহরে তখন গ্রামীণ নিরবতা,
সবাই কার্তিক মাসের হালকা আবহাওয়ার আনন্দ উপভোগ করছে
নিদ্রাদেবীর কোলে শুয়ে ।
জেগে থাকি আমি
দেখি কোলাহলময় শহরের
শান্ত অবতার ।
আলোয় ভরা শহর এখন ঘুমিয়ে পড়েছে
নিশাচর পাখির ভূমিকায় আমি ,
মনের ডানায় ভর করে উড়ে চলি
শহরের এপ্রান্ত হতে অপর প্রান্তে ।
যেখানে গভীর ঘুমে আচ্ছন্ন রয়েছে
আমার প্রাণপাখি ।।

Wednesday, November 4, 2015

রাত্রির কোলে মিঠে হাওয়ায় দোলে
পাকা ধানের শীষ
মেঠো রাস্তার দুপাশে জোনাকিরা
খেলা করে অবিরাম
ঝিঝি পোকারা ডেকে যায়
বিরতিহীন
ব্যস্ত জীবনের কোলাহলকে ফাঁকি দিয়ে
ভেসে চলেছি আজ শীতল হাওয়া
গায়ে মেখে ।
চাঁদের আলোয় আলোকিত মেঠো পথ
ধানক্ষেত আর বাঁশবাগান
শীতের আগমনী বার্তা জানাতে
কুয়াশারা এসে জড়িয়ে ধরেছে পৃথিবীকে
মধুর আলিঙ্গনে ।
প্রকৃতির ভালবাসায় মুগ্ধ আমি
ভুলে যাই পথ চলতে
দেখতে থাকি বিমোহিত চোখে ।।

Friday, October 9, 2015

মন খারাপ লাগছে আজ কবিতার
আমারও মন খারাপ ভীষণ
- কবিতা, মারামারি করবে ?
--না, কাঁদতে ইচ্ছে করছে ।
-কবিতা, ঝগড়া করবে ?
--না, মরে যেতে ইচ্ছে করছে ,
সারারাত জেগে জেগে
কাব্য লিখতে ইচ্ছে করছে ।
-কবিতা, তোমার মন নেই ,
মন মানে জানো কি,
সেখানে কি থাকে জানো কি ?
-কবিতা, তোমার স্বপ্ন নেই,
স্বপ্ন মানে বোঝো কি ?
আমার মনে কি আছে জানো কি ?
শুধুই তোমার হাসি
রাশি রাশি প্রাণখোলা হাসি
তোমাকে কষ্ট পেতে দেখতে চাইনা
শুধু হাসিটাই মানায় তোমায়
কষ্টগুলো না হয় থাক আমারি
বেদনার নীল রং মানায় না
তোমার স্নিগ্ধ বদনে
সে রং আমার মুখেই ভাল ফুটে ওঠে
সব যন্ত্রনা আমি নিলাম
কবিতা, তবু তুমি থাকো সুখে

Tuesday, September 22, 2015

বৃষ্টিতে ভেজা চিলের ডানায় ভর করে
রাত আসে আমাদের শহরে
রাস্তার সব গ্যাসবাতিগুলো
জ্বলে ওঠে একে একে
বৃষ্টিভেজা রাস্তাগুলোতে কমতে থাকে
গাড়ির চাকা ও মানুষের পায়ের ভার
কাদায় মাখামাখি হয়ে থাকা রাস্তা
একসময় ফাঁকা হয়ে যায়
কমে যায় মানুষের ছোটাছুটি
শুধু থেকে যায় কয়েকজন
যাদের নেই কোন ঘরবাড়ি
টিপটিপ করে পরা বৃষ্টি মাথায় নিয়ে
তারা পড়ে থাকে রাস্তার এক পাশে
হয়তোবা অনাহারে কিংবা অর্ধাহারে
নয়ত পেট পুরে খেয়েছে বাসি পঁচা খাবার
আর অট্টালিকা গুলোতে আজ
ইলিশ ভাজা, ভুনা খিচুরি,
মাংসের ছড়াছড়ি
বৃষ্টি তাদের উৎসব, আনন্দের দিন
অথচ যাদের নেই মাথা গোঁজার ঠাই
আমরা একবারও ভাবিনা
আজ তাদের জীবন কতটা সঙ্গীন

Wednesday, September 2, 2015

শিশুর মত ঘুমন্ত তুমি
তোমার ভাবলেশ মুখে
চাঁদের আলো খেলা করে
আমি চেয়ে রই
অপলক
নিদ্রিত তুমি
জাগ্রত আমি
জাগ্রত তোমার পৃথিবী
আর আমার পৃথিবী
আমার হাত ধরে আচ্ছন্ন-মগ্ন
ঘুমে, স্বপ্নে বিভোর
আমি চেয়ে রই
নির্ণিমেষে
বাতাসে আমার পৃথিবীর ঘ্রাণ
আমি শ্বাস নেই বুকভরে
বেঁচে উঠি আমি
স্বপ্নে বিভোর হই, জাগরনে
তোমার নিষ্পাপ মুখ দেখে
আমার পৃথিবীকে দেখে
বেঁচে থাকি আমি
আমার পৃথিবীর হাত ধরে

Wednesday, August 5, 2015

নির্ঘুম রাত 
অবশেষ এ ভোর হয়
 চোখের পাতায়  ভর করে কল্পনারা 
স্বপ্নরা উড়ে যায় 
ভোরের পাখির ডানায় ভর করে ..
ল্যাম্প পোষ্টের হলুদ আলো 
মিলিয়ে যায় একসময়  
সোনালী রঙের রোদের সংগে .. 
আমারি চোখের সামনে দিয়ে 
জেগে ওঠে নগরী 
আর নগরীর মানুষগুলো 
ব্যস্ত জীবনে কানে পরে না আর 
পাখির কিচির-মিচির !!
সেখানটায় জায়গা করে নিয়েছে 
আধুনিকতার আসবাবপত্র সব 
যত সব বেরসিকেরা 
সব কোলাহলের ফাঁকে একা আমি 
দাড়িয়ে থাকি বোবা ল্যাম্প পোষ্টের মত 
দিনের শেষ সময়ে 
আবার জ্বলে ওঠার প্রত্যাশায় 
অন্ধকারে পথচলা পথিকের 
পথের দিশা দেখানোর লোভে 
দাড়িয়ে থাকি একা আমি 
রাস্তার উপরে 

Sunday, August 2, 2015

ঘাসের গায়ে বৃষ্টি
বাতাসের শরীরে শব্দরা খেলা করে
যেমন তোমার শরীরে খেলা করে
আমার দুর্বল নিঃশ্বাস
তোমাকে বলতে চাই
চল আজ শেষ বারের মত
বৃষ্টিতে ভিজি
কিন্ত বলা হয়না
বলা হয়না আরও অনেক
না বলা কথা

Friday, July 31, 2015

মস্তিষ্কের ভেতর শর্ট-সার্কিট 
মাইনাসে প্লাসে যুদ্ধ চলছে 
অনবরত 
মাঝে থেকে ক্ষত-বিক্ষত হচ্ছি আমি 
আর আমার ভাবনা গুলো 
সার্কিটের আগুনে পুড়ে ভস্ম হচ্ছে   
কে থামাবে এই যুদ্ধ
ন্যায়-অন্যায়ের যুদ্ধ
নীতি-নীতিহীনতার যুদ্ধ
যুদ্ধ প্রজাপতি আর ইদুরের মাঝে 
হিরোশিমা-নাগাসাকির মত ক্লান্ত আমি আজ 
ক্ষত-বিক্ষত মন থেকে জন্ম নিচ্ছে পঙ্গু চিন্তা ভাবনা 
অসহায়তার এক উজ্জ্বল উদাহরণ আমি আজ 
অলসতার বীজ জন্ম নিচ্ছে আমার মাঝে 
বিদ্রোহী হয়ে উঠে মন প্রায় ই 
সকল অলসতা ভেঙ্গে বেরিয়ে আসতে চায় 
কিন্তু পরক্ষণেই 
অক্টোপাসের মত অলসতা 
জড়িয়ে থাকে, আটকিয়ে রাখে।
 ক্ষত-বিক্ষত শরীর মন নিয়ে 
 হিরোশিমা-নাগাসাকির মত আমি

Wednesday, July 29, 2015

ঘুম ঘুম চোখে আমি তোমাকে চাই
চাঁদের লুকোচুরিতে তোমাকে চাই
রোদেলা দুপুরে আমি তোমাকে চাই
সারাটি সময় আমি তোমাকে চাই ।
তোমাকে চাই তোমাকে চাই
তোমাকে চাই শুধু তোমাকে চাই
মরুভূমির মাঝে আমি তোমাকে চাই
বিশাল নদীর বুকে তোমাকে চাই
অক্ষরে অক্ষরে তোমাকে চাই
সাদা খাতাতেও আমি তোমাকে চাই
কাশফুলের পাপড়িতে তোমাকে চাই
কদমের রেনুতে তোমাকে চাই
আমের মুকুলে আমি তোমাকে চাই
হাস্নাহেনার সুবাসেও তোমাকে চাই
তোমাকে চাই তোমাকে চাই
তোমাকে চাই শুধু তোমাকে চাই

Sunday, July 26, 2015

জন্ম-মৃত্যুর মাঝে আমাদের বসবাস
হাজারো আনন্দের মাঝেও আমরা
শঙ্কিত - আতঙ্কিত- তাড়িত
মৃত্যু দ্বারা....
আমাদের স্বপ্নরা বন্দী থাকে মুহূর্তের মাঝে
কোন অজানা আশঙ্কায়
কেঁপে কেঁপে ওঠে আমাদের রেশমি স্বপ্নগুলো
আর সেই সাথে আমরাও
জীবনকে নিয়ে মেতে উঠি অজানা অনুভূতিতে
এক অন্যরকম উল্লাসে
হয়তোবা ত্রাসে
নয়ত কোন ভাবনা ছাড়াই
উদ্ভট আমেজে

Monday, July 13, 2015


মুণ্ডু কাটা কুণ্ডুমশাই
মুণ্ডু ছাড়াই নাচে,
গলির মাথায় পাড়ার মোড়ে
সবাই থাকে ত্রাসে ।
এই দেখা যায় ঐ দেখা যায়
মুণ্ডু বিহীন কুণ্ডু মশাই ।
কখনও বা শেওড়া গাছে
পা ছড়িয়ে বসে ।
ছেলে বুড়ো যত আছে
সবাই কাঁপে ভয়ে,
এই বুঝি বা কুণ্ডু মশাই
গড়ের মাঠে ভাসে ।
আচ্ছা এক বিপদ হল পাড়া শুদ্ধ সবার,
কুণ্ডু মশাই যেন এক আতংকের পাহাড় ।।

 পুরাতনের  আর নতুনের কথা

যদি আর একবার ফিরে দেখা হয় জীবনের মোড়গুলোকে, যদি আর একবার,
সুযোগ যদি খুঁজে পাওয়া যেতো আর একবার
তবে ফেলে আসা দিনগুলোকে আবার নতুন ভাবে গুছিয়ে নিতাম
ভালোবাসায় সাজাতাম পৃথিবী, চারপাশের লোকজনদেরকে মমতায় বেঁধে রাখতাম
যদি আর একবার.........
আকাশের সব মেঘ গুলোকে সরিয়ে দাও
নতুন আলোয় ভরে উঠুক পুরো পৃথিবী
নতুনদের আগমনে উদ্ভাসিত হয় পুরাতনদের জীর্ণ ঘুণে ধরা জীবন
যেন কোন পলেস্তারা উঠে যাওয়া দেয়ালের গায়ে নতুন রঙের আস্তরন
পুরাতন সব দীনতাকে দূরে সরিয়ে নতুন উদ্দীপনায় বেঁচে থাকার প্রেরণা